শিলিগুড়ি: রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহের মধ্যেই শিলিগুড়ি জংশন রেল স্টেশন থেকে আট বাংলাদেশিকে গ্রেফতার করল আরপিএফ ও শিলিগুড়ি জিআরপির যৌথ দল।
রবিবার সন্ধ্যায় রাধিকাপুর এক্সপ্রেস থেকে নামার পর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।
পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে হলদিবাড়ি যাওয়ার পরিকল্পনা করে তারা শিলিগুড়ি জংশনে পৌঁছায়।
জিজ্ঞাসাবাদের সময় বৈধ ভ্রমণ সংক্রান্ত নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে মোমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় ও অভিষেক রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা।
অন্যদিকে গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় ও জয়ন্ত রায় নীলফামারী জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর রেল স্টেশন চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ধৃত আটজনকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ি জংশন জিআরপি।











































