সিঞ্চল লেক সংস্কারে জোর, দার্জিলিংয়ের পানীয় জল ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন!

দার্জিলিং: দার্জিলিং শহরের অন্যতম প্রধান পানীয় জলের উৎস সিঞ্চল নর্থ ও সাউথ লেকের সংস্কার কাজ খতিয়ে দেখতে সোমবার পরিদর্শনে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

এএমআরইউটি (AMRUT) ২.০ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের অর্থায়নে সিঞ্চল নর্থ ও সাউথ লেকের সংস্কার ও উন্নয়ন কাজ চলছে।

প্রায় ২,৪৮৭ মিটার উচ্চতায় অবস্থিত এই দুই জলাধার দীর্ঘদিন ধরে দার্জিলিং পুর এলাকার পানীয় জলের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্যের মধ্যে অবস্থিত নর্থ সিঞ্চল লেকটি ১৯১০ সালে ও সাউথ সিঞ্চল লেকটি ১৯৩২ সালে নির্মিত হয়েছিল।

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সিঞ্চল লেক সংস্কার ও উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পের আওতায় নর্থ ও সাউথ লেকের আধুনিকীকরণের পাশাপাশি একটি নতুন জলাধারও নির্মাণ করা হচ্ছে, যার ফলে পানীয় জল সংরক্ষণের ক্ষমতা উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনের আশা, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে দার্জিলিংবাসী আরও নির্ভরযোগ্য ও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাবেন।

এদিন পাহাড় সফরের দ্বিতীয় দিনে সকালে দার্জিলিং ম্যালে নেপালি সাহিত্যিক ও কবি ভানুভক্ত আচার্যের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পরে তিনি দার্জিলিংয়ের অন্যতম জাগ্রত মহাকাল মন্দিরে পুজো দেন। পাশাপাশি হ্যাপি ভ্যালি চা বাগান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান তিনি।

দার্জিলিং এর কর্মসূচির শেষে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মিরিকের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী।

মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই সফরকে কেন্দ্র করে পাহাড়ের উন্নয়ন, পর্যটন ও পানীয় জল পরিকাঠামো নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন পাহাড়বাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here