কলকাতা: যাত্রী নিরাপত্তা ও স্টেশন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সন্তোষপুর স্টেশনে বড়সড় অভিযান চালাল রেল কর্তৃপক্ষ।
রাতে চলা এই অভিযানে রেলের জমি দখল করে গড়ে ওঠা একাধিক দোকান ও অবৈধ কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
রেল প্রশাসনের দাবি, স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছিল, যা যাত্রী চলাচলে সমস্যা তৈরি করছিল ও নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি বাড়াচ্ছিল।
সেই কারণেই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত প্রায় ১০টা নাগাদ অভিযান শুরু হয়। রেল পুলিশ ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলা হয় যাতে কোনও ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি না হয়।
প্রথমে অবৈধ দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এরপর ধাপে ধাপে বুলডোজার দিয়ে ভাঙা হয় সমস্ত দখলদার কাঠামো।
শুধু স্টেশন লাগোয়া অংশ নয়, প্ল্যাটফর্ম এলাকায় থাকা কিছু অস্থায়ী অবৈধ নির্মাণও সরিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে জানা গেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনকে আরও নিরাপদ ও যাত্রীবান্ধব করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।















































