তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার সব্যসাচী দত্ত, নিউটাউনের ফ্ল্যাট থেকে আটক প্রাক্তন বিধায়ক



কলকাতা: বিপুল টাকার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন জনপ্রতিনিধি সব্যসাচী দত্ত।

সোমবার রাতে নিউটাউনে নিজের ফ্ল্যাট থেকেই তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানা পুলিশ।

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, ২০১৮ সালে তাঁকে ফোন করে ২ লক্ষ ৩০ হাজার টাকা চাওয়া হয় ও খুনের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে “ভয়াবহ পরিণতি” হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


এছাড়া অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সব্যসাচীর প্রতিনিধি হিসেবে বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ওরফে ‘গুজি’ নামে এক ব্যক্তি তাঁর অফিস থেকে টাকা সংগ্রহ করেন।

ব্যক্তিগত পরিস্থিতির কারণে মানসিক চাপে পড়ে তিনি বাধ্য হয়ে অর্থ দেন বলেও অভিযোগকারীর দাবি।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে বিধাননগর উত্তর থানা পুলিশ।

রাতে নিউটাউনের ফ্ল্যাটে হানা দিয়ে তাঁকে আটক করা হয় ও পরে থানায় নিয়ে গিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।


তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, রাজনৈতিক মহলে পরিচিত মুখ সব্যসাচী দত্ত পুর প্রশাসন ও সংগঠন উভয় ক্ষেত্রেই দীর্ঘদিন সক্রিয় ছিলেন।

তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

তদন্তের পরবর্তী ধাপে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here