শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়ায় সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তির হাত থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড।
অনলাইন ফর্ম ফিলাপ নিয়ে সাইবার ক্যাফেতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠতেই এবার সরাসরি বিনামূল্যে সহায়তা পরিষেবা চালু করল স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে চালু হয়েছে এই বিশেষ সহায়তা কেন্দ্র।
এখানে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের ফর্ম ফিলাপ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে।
স্থানীয় নেতৃত্বের দাবি, বহু ক্ষেত্রে সাইবার ক্যাফেতে আবেদন ফর্ম ফিলাপের জন্য নির্ধারিত খরচের তুলনায় বেশি টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছে।
সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ, যাতে সাধারণ মা-বোনেরা আর্থিকভাবে কোনওভাবে হয়রানির শিকার না হন।
দলের পক্ষ থেকে শ্যামল সাহা জানান, এটি সম্পূর্ণ জনসেবামূলক উদ্যোগ।
তাঁর কথায়, “মানুষের অসুবিধা কমাতেই এই পরিষেবা শুরু করা হয়েছে। যতদিন পর্যন্ত সকল আবেদন সম্পূর্ণ না হচ্ছে, ততদিন এই পরিষেবা চলবে।”
তিনি আরও জানান, আবেদনকারীদের শুধু মৌলিক নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ও জমির তথ্য সঙ্গে রাখতে হবে।
সমস্ত প্রক্রিয়া বিনামূল্যে সম্পন্ন করা হচ্ছে ও এখানে কোনও আর্থিক লেনদেনের সুযোগ নেই।
এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে।
অনেকেই মনে করছেন, এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে ও আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে।











































