শিলিগুড়ি: শিলিগুড়ির চম্পাসারি মোড়ে দীর্ঘদিনের জল জমা সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় জল জমার সমস্যা নিয়ে বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন।
সেই বিক্ষোভস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে ও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান কাউন্সিলর দিলীপ বর্মন।
অভিযোগ, তিনি যখন উপস্থিত বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছিলেন, সেই সময় আচমকাই একটি ডিম উড়ে এসে তাঁর গায়ে লাগে।
তবে ডিমটি তাঁর গায়ে ফাটেনি, পরে মাটিতে পড়ে ফেটে যায়।
ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। কে বা কারা ডিম ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি বলে জানা গেছে।
ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির পরিচয় এখনও অজানা।
এদিকে জল জমা সমস্যার দ্রুত সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা তাদের আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন।











































