শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য সহ দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধাননগরের রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়।
পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সফল করার লক্ষ্যে প্রার্থনায় সামিল হন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য গৌরব অর্জন করেছেন।
তাঁর নেতৃত্বে গত কয়েক বছরে ভারত যে উন্নয়নের পথে এগিয়েছে, তা শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।”
তিনি আরও বলেন, “দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী দিনেও তাঁর নেতৃত্বে ভারত আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন।
সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।”
শংকর ঘোষ তাঁর বক্তব্যে আত্মনির্ভর ভারত গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রসঙ্গও তুলে ধরেন।
তাঁর দাবি, দেশের উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীকে সুস্থ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি।
প্রার্থনা সভাকে কেন্দ্র করে এদিন রামকৃষ্ণ আশ্রম চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় আবহের মধ্যেই দেশের উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় একযোগে প্রার্থনায় সামিল হন সকলে।











































