শিলিগুড়ি: শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে আগামী ২১ জুন দার্জিলিং জেলা কাউন্সিল অধিবেশনের আয়োজন করতে চলেছে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)।
অধিবেশনকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায় শুরু হয়েছে জোরকদমে প্রচার।
সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিকে তুলে ধরে ব্যানার ও পোস্টার লাগানো হচ্ছে শহরজুড়ে।
উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, চা বাগান-সহ সমস্ত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর করা সহ কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবি জানানো হয়েছে।
দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃত্বরা এতে অংশ নেবে বলে জানা গেছে।
সিআইটিইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য বিমল পাল জানান, বর্তমান সময়ে শ্রমিকদের কর্মসংস্থান, মজুরি ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই অধিবেশনে।
পাশাপাশি আগামী দিনের আন্দোলনের রূপরেখাও নির্ধারণ করা হবে।
অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই শ্রমিক মহলে উৎসাহ দেখা গিয়েছে বলেই শ্রমিক সংগঠনের দাবি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক স্বার্থ রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করতেই এই জেলা কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়েছে।











































