অচৈতন্য করে বাড়িতে দুঃসাহসিক চুরি! সোনা-রুপো ও নগদ মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী লুট!

চোপড়া: চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের দক্ষিণ বাউরীগছ গ্রামে এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পরিবারের সকল সদস্যকে অচৈতন্য করে বাড়ি থেকে প্রায় চার ভরি সোনার গয়না, তিন ভরি রুপোর অলংকার সহ ৫০ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, দক্ষিণ বাউরীগছ গ্রামের বাসিন্দা মাধব সিংহের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

গৃহকর্তার দাবি, মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা ও নেশার মতো অনুভূতি হতে শুরু করে।

সন্ধ্যার পর শারীরিক অসুস্থতা আরও বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেন তাঁরা। এরপর রাতেই পরিবারের সকলে গভীর ঘুমে অচৈতন্য হয়ে পড়েন।

বুধবার সকালে ঘুম ভাঙার পর পরিবারের সদস্যরা দেখতে পান, বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা।

ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, আলমারি থেকে ৫০ হাজার টাকা নগদ, চার ভরি সোনার গয়না ও তিন ভরি রুপোর অলংকার উধাও।

স্থানীয়দের একাংশের সন্দেহ, চোরেরা পরিকল্পিতভাবে পরিবারের খাবারের সঙ্গে কোনো নেশাজাতীয় পদার্থ মিশিয়ে সকলকে অচৈতন্য করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গৃহকর্তা মাধব সিংহ জানান, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা বরুণ সিংহ। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here