স্মার্ট মিটার ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে SUCI(C)-র মিছিল, প্রশাসনের কাছে স্মারকলিপি!

শিলিগুড়ি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার চালুর সিদ্ধান্ত, বিদ্যুতের বাড়তি মাসুল সহ হকার উচ্ছেদের মতো একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরব হল এসইউসিআই (কমিউনিস্ট)।

বৃহস্পতিবার শহর শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরা হয় বলে দলের দাবি।

এদিন দলীয় কর্মী-সমর্থকেরা শহরের বাঘাযতীন পার্কে জমায়েত হন।

সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় পরিক্রমা করে মহাত্মা গান্ধী চক পর্যন্ত পৌঁছায়।

মিছিল চলাকালীন বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।

দলীয় নেতৃত্বের বক্তব্য, ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বিশেষ করে রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে প্রতিদিনের জীবনযাত্রায়।

একই সঙ্গে স্মার্ট মিটার ব্যবস্থা ও বিদ্যুতের বাড়তি বিল সাধারণ গ্রাহকদের উপর নতুন আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তাদের।

শুধু তাই নয়, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোর বিরোধিতাও করে এসইউসিআই (কমিউনিস্ট)।

পাশাপাশি জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

মিছিল শেষে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয়।

দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছে দলীয় নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here