বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার বিপুল মদ, গ্রেপ্তার ৪!

বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার বিপুল মদ, গ্রেপ্তার ৪

শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মদ মজুত ও পাচার চক্রের হদিশ পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।

দেবিডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিয়ার ও হুইস্কি উদ্ধার করা হয়েছে।

ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেবিডাঙ্গায় ভোলা যাদবের বাড়িতে হানা দেয় প্রধান নগর থানার একটি বিশেষ দল।

তল্লাশি চালিয়ে সেখানে মদে ভর্তি নয়টি বড় জল বহনকারী ড্রাম উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মদের মধ্যে বিয়ার ও হুইস্কি ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো দিবাকর রায় (৪২), দীপাংশু কুমার (২৭), অমিত কুমার (২৬) ও পঙ্কজ কুমার (২০)।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা অবৈধভাবে মদ মজুত করে তা বিহারে পাচারের সঙ্গে যুক্ত ছিল।

এই চক্রের মাধ্যমে মোটা অঙ্কের আর্থিক লাভের উদ্দেশ্যেই এই কারবার চলছিল বলে তদন্তকারীদের ধারণা।

ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ আইনের বিভিন্ন ধারায় প্রধাননগর থানায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও গ্রেপ্তারের সমস্ত প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও মদের উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অবৈধ মদ পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here