উত্তরবঙ্গে শিল্প-বাণিজ্যের নতুন দিগন্তের ইঙ্গিত, উত্তরকন্যার বৈঠকে একাধিক প্রস্তাব!

শিলিগুড়ি: উত্তরবঙ্গকে ঘিরে শিল্প, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলল উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে।

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনা ও বিভিন্ন জেলার বাণিজ্যিক সমস্যা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিভিন্ন জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও উদ্যোক্তারা সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে দার্জিলিংয়ের চা শিল্পের প্রসার, মালদার আম শিল্পের বাজার সম্প্রসারণ, মালদা বিমানবন্দর চালুর দাবি সহ উত্তরবঙ্গের সামগ্রিক বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, শিলিগুড়িকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

চা শিল্পকে আরও গতিশীল করতে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন পরিষেবার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “একসময় উত্তরবঙ্গকে বঞ্চিত বলে মনে করা হলেও আগামী দিনে সেই ধারণা সম্পূর্ণ বদলে যাবে।

ব্যবসা, শিল্প, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে উত্তরবঙ্গ নতুন পরিচয় পাবে।”

পাশাপাশি রাজ্যে বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, উন্নত বাণিজ্যিক কাঠামো সমাজের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করে।

অতীতের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা জানান, মালদার বিখ্যাত আম শিল্পকে আরও বড় বাজারের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি জিএসটি-র কিছু সংক্রান্ত জটিলতা নিরসন ও দীর্ঘদিন বন্ধ থাকা মালদা বিমানবন্দর দ্রুত চালুর বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়েছে।

উত্তরবঙ্গের অর্থনীতি ও বাণিজ্যিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন ব্যবসায়ী মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here