সীমান্তের কাছে রহস্যময় ড্রোন উদ্ধার, ফুলবাড়ীতে চাঞ্চল্য!

সীমান্তের কাছে রহস্যময় ড্রোন উদ্ধার, ফুলবাড়ীতে চাঞ্চল্য

শিলিগুড়ি: ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় একটি অজ্ঞাতপরিচয় ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার অধীন ডাবগ্রাম পুলিশ ব্যাটালিয়নের সামনে ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে হঠাৎ আকাশে একটি ড্রোনকে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা।

কিছুক্ষণ উড়ে বেড়ানোর পর সেটি ডাবগ্রাম পুলিশ ব্যাটালিয়নের সামনে এসে পড়ে।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন ও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ড্রোনটির মালিকানা কিংবা এটি কোথা থেকে এসেছে, সে সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

ফলে ঘটনাটিকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, ঘটনাস্থল থেকে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র প্রায় দুই কিলোমিটার।

সেই কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন।

সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও বাড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রোনটির প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হবে।

প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তায় এর উড়ানপথ, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সম্ভাব্য মালিকের পরিচয় জানার চেষ্টা করা হবে।

ড্রোনটি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছিল নাকি অন্য কোনও উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রহস্যময় এই ড্রোনের উৎস ও উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here