ধূপগুড়ি: রাতের অন্ধকারে মাছ ধরতে গিয়ে এক রহস্যময় ঘটনার সাক্ষী থাকলেন কয়েকজন যুবক।
ডুডুয়া নদীর স্রোতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করে প্রাণ বাঁচালেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন যুবক নদীতে মাছ ধরতে গিয়েছিলো।
সেই সময় নদীর মাঝখানে একজন মানুষকে ভাসতে দেখে প্রথমে হতবাক হয়ে পড়েন তাঁরা।
পরে আর দেরি না করে কলার ভেলা ব্যবহার করে ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও দীর্ঘ সময় জলের মধ্যে থাকার কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বুরকা ওরাও (৫০) ও তাঁর বাড়ি বীরপাড়া এলাকায়।
তবে তিনি অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছেন ও কীভাবে নদীতে পড়লেন বা এত দূর ভেসে এলেন, সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।
এক ব্যক্তি কীভাবে ডুডুয়া নদীর স্রোতে ভেসে সোনাখালি এলাকায় পৌঁছালেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
ঘটনার নেপথ্যে কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ।











































