দিনহাটা: মিড ডে মিলের অর্থ তছরুপের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার যোগেশ চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয় চত্বর।
মিড ডে মিল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের অর্থে ব্যাপক অনিয়ম হয়েছে।
শুধু তাই নয়, সরস্বতী পুজোর তহবিল থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রূপা দেবের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের দাবি, এই আর্থিক অনিয়মের জেরেই বর্তমানে মিড ডে মিল পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংকট তৈরি হয়েছে ও খাবার পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।
পড়ুয়াদের আরও অভিযোগ, তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অনিয়ম চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধান শিক্ষিকা রূপা দেব একসময় মহিলা তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভানেত্রীর দায়িত্বে ছিলেন ও তিনি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন।
তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই তিনি এলাকায় অনুপস্থিত বলে দাবি স্থানীয়দের।
মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা।
তারা বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।
যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা রূপা দেবের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহল ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে চর্চা শুরু হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই ও আর্থিক অনিয়মের তদন্তের দাবিতে সরব হয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের একাংশ।














































