শিলিগুড়ি: শহরে ফের সক্রিয় প্রতারকচক্র। এবার ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে এক প্রবীণের সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ড এলাকায়।
অভিযোগকারী অশোক কুমার ঘোষ জানান, শুক্রবার সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর এক যুবক তাঁর কাছে এসে বলে, পিছনে মোটরবাইকে থাকা এক ব্যক্তি তাঁকে ডাকছেন।
সেখানে পৌঁছতেই ওই ব্যক্তি নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেন।
তিনি দাবি করেন, এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে গলায় ও হাতে থাকা সোনার গয়না খুলে ব্যাগে রাখতে হবে।
প্রতারকের কথায় বিশ্বাস করে অশোকবাবু তাঁর সোনার চেন ও আংটি খুলে দিলে সেগুলি কাগজে মুড়ে ব্যাগে রাখতে বলা হয়।
অভিযোগ, সেই সুযোগেই কৌশলে আসল সোনার চেন সরিয়ে তার বদলে একটি নকল চেন কাগজে ভরে ব্যাগে ঢুকিয়ে দেয় প্রতারকরা।
কিছু দূর যাওয়ার পর সন্দেহ হওয়ায় তিনি কাগজ খুলে দেখেন, সেখানে তাঁর আসল সোনার চেন নেই।
তখনই তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু ততক্ষণে দুই অভিযুক্ত মোটর বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন। প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।”
শহরে সম্প্রতি একই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। বিশেষ করে অপরিচিত কারও পরিচয় বা নির্দেশে মূল্যবান সামগ্রী তুলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












































