জলপাইগুড়ি: রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগের অংশ হিসেবে ধূপগুড়ি শহরেও শুরু হল অভিযান।
শুক্রবার ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে পুলিশের উপস্থিতিতে শহরের ফালাকাটা রোড সংলগ্ন বিভিন্ন দোকানে মহকুমা শাসকের নির্দেশে উচ্ছেদ নোটিশ বিলি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বহু দোকান তাদের পণ্যসামগ্রী ফুটপাতের উপর সাজিয়ে রাখায় পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যানজটের সমস্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতির মোকাবিলায় পুরসভার উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন প্রায় ৫০ থেকে ৬০টি দোকানে নোটিশ প্রদান করা হয়। দোকান মালিকদের আগামী ১৫ দিনের মধ্যে ফুটপাত থেকে সমস্ত অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ না মানলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
পুরসভার পক্ষ থেকে নোটিশ বিলির দায়িত্বপ্রাপ্ত কর্মী বিভাস চক্রবর্তী জানান, “পুরসভার নির্দেশ অনুযায়ী বিভিন্ন দোকানে নোটিশ প্রদান করা হয়েছে।
দোকান মালিকদের ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”
অন্যদিকে, এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ব্যবসায়ী মহলে।
বেশ কয়েকজন দোকান মালিকের দাবি, শুধুমাত্র নোটিশ দিলেই সমস্যার সমাধান হবে না।
প্রশাসনকে ধারাবাহিকভাবে নজরদারি চালাতে হবে।
তাঁদের বক্তব্য, এর আগেও একাধিকবার এ ধরনের অভিযান হয়েছে, কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আবার আগের চিত্র ফিরে এসেছে।
প্রশাসনের এই উদ্যোগে শহরের পথচারীরা স্বস্তি পেলেও আগামী দিনে অভিযান কতটা কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে ধূপগুড়িবাসীর।













































