বাগডোগরায় পর্যটনমন্ত্রী শংকর ঘোষকে উষ্ণ সংবর্ধনা, তিন মাসের মধ্যে পর্যটনে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস!

শিলিগুড়ি: শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শংকর ঘোষ।

বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, পর্যটন দপ্তর ও পরিষদীয় বিষয়ক দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ করে বিশ্ব পর্যটনের মানচিত্রে একটি বিশেষ স্থান করে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান শংকর ঘোষ।

তাঁর দাবি, আগামী তিন মাসের মধ্যেই রাজ্যের পর্যটন ক্ষেত্রে কিছু দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে।

মন্ত্রী বলেন, পাহাড়, সমুদ্র, জঙ্গল ও নদী-প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ পশ্চিমবঙ্গকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পর্যটন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি পর্যটকদের জন্য আরও আধুনিক ও সুবিধাজনক পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হবে।

তিনি জানান, “ট্যুরিজম ফর অল ক্লাসেস” নীতিকে সামনে রেখে কাজ করা হবে, যাতে সমাজের সব স্তরের মানুষ পর্যটনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।

একই সঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল মালিক, ট্রাভেল অপারেটর ও অন্যান্য অংশীদারদের সমস্যা ও আইন মেনে সমাধানের আশ্বাস দেন তিনি।

মন্ত্রীর কথায়, “আইনের মধ্যে থেকে কাজ করলে সরকার সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে।”

পর্যটনমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পর্যটন মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।

বিশেষ করে দার্জিলিং, ডুয়ার্স ও উত্তরবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে সংশ্লিষ্ট মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here