হাশমি চকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রাফিক সিগন্যাল, আতঙ্কে পথচারী ও যানচালকরা!

শিলিগুড়ি: শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হাশমি চকে একটি ট্রাফিক সিগন্যালের খুঁটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে রাতে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিগন্যালের খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই সেটি মাটির সঙ্গে আলগা হয়ে হেলে রয়েছে।

হাশমি চক শিলিগুড়ির গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল হওয়ায় প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন সহ পথচারীর যাতায়াত হয়।

এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত সিগন্যালের খুঁটিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের তরফে স্থায়ী মেরামতির কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে বর্ষার মরশুমে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

তাঁদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাফিক সিগন্যালটি মেরামত বা নতুন করে স্থাপন করা হোক।

এদিকে, ব্যস্ত মোড়ে এমন ঝুঁকিপূর্ণ অবকাঠামো দীর্ঘদিন পড়ে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here