ভোটের ভাষণ ঘিরে নতুন বিতর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের প্রচারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহরের ব্যবসায়ী সঞ্জয় সিংহল।

অভিযোগকারীর দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য জনমনে উত্তেজনা ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করতে পারে।

তিনি চারটি নির্দিষ্ট মন্তব্যের উল্লেখ করে পুলিশের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।

অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -কে উদ্দেশ্য করে করা মন্তব্যের কথাও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার রাতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় জমা দেওয়া অভিযোগপত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনী প্রচারে নেতাদের বক্তব্যকে ঘিরে আইনি প্রশ্ন তোলার ঘটনা নতুন নয়।

তবে ভোট-পরবর্তী সময়ে এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here