শিলিগুড়ি: শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা সহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নিতে শনিবার সকালে বাজার পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও।
পরিদর্শনকালে মন্ত্রী বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা বিস্তারিতভাবে শোনেন ও বাজারের বিভিন্ন সুবিধা – অসুবিধা সম্পর্কে মতামত নেন।
ব্যবসায়ীরা বাজারের পরিকাঠামোগত উন্নয়ন, পরিষেবা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে তাঁদের দাবি- দাওয়া তুলে ধরেন।
মন্ত্রী শঙ্কর ঘোষ তাঁদের সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন ও জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রেগুলেটেড মার্কেটের পরিকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ব্যবসায়ীরা আরও ভালো পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন।












































