শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়লেন চাকরি জালিয়াতি চক্রের অন্যতম অভিযুক্ত হরেন্দ্র কুমার সিংহ।
শনিবার সকালে শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গ্রাম ডাক সেবক (জিডিএস) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারজন প্রার্থীর কাছ থেকে মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করা হয়।
পরে তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। কিন্তু ডাক বিভাগের নথি যাচাইয়ের সময় সেই নিয়োগপত্রগুলি ভুয়ো বলে ধরা পড়ে।
এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই।
তদন্তে উঠে আসে, ২০২১ সালের অক্টোবরে চারজনকে গ্রাম ডাক সেবক পদে নিয়োগ দেওয়ার নামে একটি জালিয়াতি চক্র সক্রিয় ছিল।
অভিযোগ অনুযায়ী, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ভুয়ো নিয়োগপত্র তৈরি ও বিতরণ করা হয়েছিল।
সিবিআইয়ের দাবি, অভিযুক্ত হরেন্দ্র কুমার সিংহ প্রায় এক বছর ধরে শিলিগুড়ির হায়দারপাড়ার একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে ছিলো।
গ্রেফতারের পর তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অভিযুক্ত নিজেকে পুরনো গাড়ির ব্যবসায়ী বলে পরিচয় দিতো।
এলাকায় দীর্ঘদিন বসবাস করলেও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ বা সন্দেহের কথা আগে জানা যায়নি।
বাড়ির মালিকও জানান, তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করতো ও তাঁর আচরণে কোনও অসঙ্গতি নজরে পড়েনি।
এই গ্রেফতারির মাধ্যমে চাকরি জালিয়াতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
মামলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।












































