শিলিগুড়ি: সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে ফের আয়োজিত হল শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি।
রবিবার ওয়াইএমএ মাঠে অনুষ্ঠিত এই জনসংযোগমূলক কর্মসূচিতে শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত হয়ে সাধারণ মানুষ তাঁদের নানান সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন।
অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন শঙ্কর ঘোষ ও সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিন মন্ত্রী বলেন, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষকে নির্ভয়ে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
তাঁর বক্তব্য, প্রশাসন মানুষের পাশে রয়েছে ও সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কর্মসূচিতে প্রথম ৫০ জন নিবন্ধিত ব্যক্তিকে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়।
অভিযোগগুলির মধ্যে জমি সংক্রান্ত সমস্যাই সবচেয়ে বেশি উঠে আসে।
এছাড়াও বিভিন্ন নাগরিক পরিষেবা, প্রশাসনিক জটিলতা ও স্থানীয় উন্নয়নমূলক বিষয়েও অভিযোগ জমা পড়ে।
জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও তাঁদের সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।












































