শিলিগুড়ি: আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা।
সেই উপলক্ষে জোরকদমে শুরু হয়ে গেল শিলিগুড়ি ইসকন মন্দিরের রথযাত্রার প্রস্তুতি।
প্রতি বছরের মতো এবছরও বিশ্বজুড়ে পালিত রথযাত্রা উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাধুমধামে এই উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি ইসকন মন্দির।
রবিবার মন্দির প্রাঙ্গণে গুরু প্রভুপাদের পুজোর মাধ্যমে রথযাত্রার প্রস্তুতি পর্বের শুভ সূচনা হয়।
পুজো শেষে রথের কাঠামো নির্মাণ, রং করা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু করা হয়।
উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ- উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।
এদিনের বিশেষ পুজো ও প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের মহারাজ নাম কৃষ্ণ দাস, বিভিন্ন মহারাজ, বাংলাদেশ থেকে আগত এক মহারাজ-সহ বিভিন্ন প্রান্তের ভক্ত ও ধর্মগুরুগণ।
অনুষ্ঠানে বহু ভক্ত-অনুরাগীও অংশগ্রহণ করেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রাকে কেন্দ্র করে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, নামসংকীর্তন সহ বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিরও পরিকল্পনা করা হয়েছে।
রথযাত্রার দিন হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছে ইসকন কর্তৃপক্ষ।
উৎসবকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে।












































