আন্তর্জাতিক যোগা দিবসের আগে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে যোগ প্রশিক্ষণ, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ
শিলিগুড়ি: আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আগামী ২১ জুনের আগে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমিতে বিশেষ যোগব্যায়াম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পতঞ্জলি যোগ কেন্দ্র।
এদিনের কর্মসূচিতে প্রায় শতাধিক টেবিল টেনিস খেলোয়াররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগের ভূমিকা ও দৈনন্দিন জীবনে নিয়মিত যোগচর্চার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সুস্থ ও সুষম জীবন গড়ে তুলতে যোগব্যায়ামের বিকল্প নেই।
তাই তরুণ প্রজন্মকে যোগচর্চার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া গুরু অমিত দাম।
তিনি যোগব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার বার্তা তুলে ধরেন ও তরুণদের নিয়মিত যোগচর্চার আহ্বান জানান।
আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পতঞ্জলি যোগ কেন্দ্র।












































