প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার, পুরনো মামলায় কোচবিহারে নিয়ে যাচ্ছে পুলিশ!

কলকাতা: তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-কে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ।

বুধবার কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে শিয়ালদহ আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে সংঘটিত ভোট- পরবর্তী হিংসার একটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পাশাপাশি আর্থিক তছরুপ ও তোলাবাজি সংক্রান্ত একটি পুরনো মামলার ভিত্তিতেও এই গ্রেফতারি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জেলা পুলিশ সূত্রে দাবি, দিনহাটা থানায় নথিভুক্ত কোটি টাকার তোলাবাজির একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও কোন নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

উল্লেখ্য, গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর থেকেই কোচবিহার ছেড়ে কলকাতায় অবস্থান করছিলেন উদয়ন গুহ।

উত্তরবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত।

ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি উত্তরবঙ্গে দলের অন্যতম প্রধান সংগঠক হিসেবে উঠে আসেন।

তবে বিভিন্ন সময়ে তাঁর বিতর্কিত মন্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।

অন্যদিকে, গ্রেফতারের পর উদয়ন গুহ দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই মামলায় তাঁর আগাম জামিন রয়েছে।
এই বিষয়ে বিধায়ক অজয় রায় বলেন অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল।
এই ঘটনায় উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালতে পেশের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই নজর রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here