প্রবল বৃষ্টির রাতে রহস্যমৃত্যু! জলমগ্ন ঘরে খাটের নিচে মিলল শ্রমিকের দেহ!

শিলিগুড়ি: টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন উজানু শিবনগর এলাকা।

আর সেই জলবন্দি পরিবেশেই এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

মৃতের নাম রাকেশ কুমার শাহ (৪০)। বিহারের বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে উজানু শিবনগরে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পরিবার নিয়ে থাকলেও কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা বাইরে থাকায় তিনি বাড়িতে একাই ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন রাকেশ। সেই রাতেই শুরু হয় প্রবল বর্ষণ।

বৃষ্টির জেরে এলাকায় জল জমার পাশাপাশি তাঁর ঘরেও জল ঢুকে পড়ে।

শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে জল জমে থাকতে দেখে সন্দেহ হয়।

পরে খাটের নিচে মেঝেতে পড়ে থাকা অবস্থায় রাকেশের দেহ দেখতে পান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার বাসিন্দাদের দাবি, রাকেশের মদ্যপানের অভ্যাস ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপ অবস্থায় খাট থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পেয়েছিলেন কি না, অথবা ঘরে জল ঢুকে যাওয়ার পর জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here