উত্তরবঙ্গের উন্নয়নে ঐতিহাসিক বাজেট, বিদ্যুতের গতিতে কাজ করছে রাজ্য: সুকান্ত মজুমদার!

শিলিগুড়ি: জলপাইগুড়িতে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

দলীয় সূত্রে খবর, জলপাইগুড়িতে দলের সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের পর শিলিগুড়িতে রাত্রিবাস করবেন ও পরদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

তাঁর দাবি, ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, তার ফলস্বরূপ রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর এই প্রথম উত্তরবঙ্গ থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও দপ্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

পাশাপাশি বাজেটেও উত্তরবঙ্গের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প ও উন্নয়নমূলক ঘোষণা করা হয়েছে, যা এই অঞ্চলের সামগ্রিক বিকাশে সহায়ক হবে।

বিমানবন্দর, পৌরসভা ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, গত ৫০ বছরে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য উন্নয়নের মূল ধারার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল।

সেই পরিস্থিতি বদলাতে কেন্দ্র সরকার দ্রুত গতিতে কাজ করছে।

রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের আয়ের নতুন কোনও উৎস তৈরি করা হয়নি।

তাঁর দাবি, সরকার মূলত মদের উৎসের উপর নির্ভরশীল ছিল।

বর্তমান পরিস্থিতির উন্নতিতে সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিন তিনি রাজ্য বাজেটকে “ঐতিহাসিক বাজেট” বলে উল্লেখ করে জানান, উত্তরবঙ্গের পরিকাঠামো, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here