কলকাতা: ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটনের বিকাশে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার।
বাজেটে ‘শক্তিপীঠ সার্কিট’ গঠনের ঘোষণা করা হয়েছে, যার অন্তর্ভুক্ত থাকবে উত্তরবঙ্গের ঐতিহাসিক ভ্রামরীদেবী মন্দির-সহ রাজ্যের ছয়টি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, তারাপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা, নন্দিকেশ্বরী, ফুল্লরা ও ভ্রামরীদেবী মন্দিরকে একটি বিশেষ পর্যটন রুটের মাধ্যমে সংযুক্ত করা হবে।
এর ফলে তীর্থযাত্রীদের যাতায়াত সহজ হবে ও ধর্মীয় পর্যটনের প্রসার ঘটবে।
এছাড়াও ‘চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট’ গঠনের ঘোষণা করা হয়েছে।
মায়াপুরকে বিশ্বমানের আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগামী তিন বছরে ১,০০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার।
পাশাপাশি পুরী ও দেওঘরে বাংলার পুণ্যার্থীদের জন্য পিপিপি মডেলে সুলভ আবাসনের ব্যবস্থাও করা হবে।
সরকারের দাবি, এই প্রকল্পগুলি রাজ্যের ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।












































