শিলিগুড়ি: দীর্ঘদিনের দাবি পূরণে আশিঘর মোড় থেকে ফারাবাড়ি সেতু পর্যন্ত প্রায় ১.৯ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু।
এই রাস্তা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, রাস্তার শুরু আশিঘর মোড় থেকে, যা ২ নম্বর ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১০ ও ৭ নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে।
অন্যদিকে রাস্তার শেষ অংশ ফারাবাড়ি সেতু পর্যন্ত বিস্তৃত, যা ২ নম্বর ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৪ ও ১২ নম্বর পঞ্চায়েত ও রাজগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির ২৮ নম্বর এলাকার অধীনে রয়েছে।
এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।
সেই দাবি পূরণে রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে ও এলাকার সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয়দের মতে, রাস্তার উন্নয়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকার বাসিন্দারা এই প্রকল্পের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর উদ্যোগের প্রশংসা করে।
পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নে পরামর্শ ও সহযোগিতার জন্য স্থানীয় বিধায়িকা শিখা চ্যাটার্জী-কেও ধন্যবাদ জানিয়েছেন।
রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে বহু মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।















































