তোলাবাজি-সিন্ডিকেট রুখতে ৪ টোল-ফ্রি হেল্পলাইন, ট্রাফিক পুলিশকে ২০ হাজার রেইন কিট; ভবানী ভবন থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

কলকাতা: রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক পুলিশকর্মীদের হাতে ২০ হাজার ‘মনসুন প্রোটেকশন কিট’ তুলে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য চারটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বরের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

পরে মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে নবগঠিত টোল-ফ্রি কন্ট্রোল রুমও পরিদর্শন করেন।

রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া ২৪ ঘণ্টার এই হেল্পলাইনগুলির মাধ্যমে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, অবৈধ রোড ট্যাক্স, টোল আদায় সহ অবৈধ চোলাই মদের মতো অভিযোগ সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ।

নবান্নে তৈরি আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রযুক্তির সাহায্যে অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

নতুন টোল-ফ্রি হেল্পলাইন নম্বরগুলি হলো সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৮০০-৩৪৫-০১৬৬ / ১৫৫৩৩৫

কাটমানি ও তোলাবাজি: ১৮০০-৩৪৫-০১৬৭ / ১৫৫৩৩৪

অবৈধ রোড ট্যাক্স ও টোল আদায়: ১৮০০-৩৪৫-০১৬৮ / ১৫৫৩৩৭

অবৈধ চোলাই ও মদ সংক্রান্ত অভিযোগ: ১৮০০-৩৪৫-০১৬৯ / ১৫৫৩৩৯

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে বা মিথ্যা তথ্য দিয়ে এই হেল্পলাইনগুলির অপব্যবহার করা যাবে না।

সঠিক ও প্রমাণভিত্তিক অভিযোগ পেলেই প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিন ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের কথা মাথায় রেখে ২০ হাজার রেইনকোট, গামবুট ও ছাতা সম্বলিত ‘রেইন প্রোটেকশন গিয়ার কিট’ বিতরণের সূচনা করা হয়।

হিডকো ও এনকেডিএ-র সহযোগিতায় এই কিট রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ট্রাফিক কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।

পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও কর্মীদের কল্যাণে একাধিক বড় সিদ্ধান্তও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ধাপে ধাপে এক লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে দুর্গাপূজার আগেই কাজে যোগদান করানো হবে।

এছাড়া রাজ্যের ২৫০ থেকে ৩০০টি থানার পরিকাঠামো আধুনিকীকরণ, উন্নত ব্যারাক, বিশুদ্ধ পানীয় জল ও জিমের ব্যবস্থা করার কথাও ঘোষণা করেন তিনি।

পুলিশ কর্মীদের রেশন ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে সাথে দুর্গাপূজার আগেই ২০ শতাংশ ডিএ (DA) দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।

মহিলা পুলিশকর্মী ও দীর্ঘদিন কর্মরত কনস্টেবলদের সুবিধার্থে ১৫ বছরের বেশি সময় একই জায়গায় কর্মরতদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় বদলির নীতি গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি, রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আদলে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) গঠন ও গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ও বিএসএফ প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশকর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতেই এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here