শিলিগুড়িতে পরিবহন দপ্তরের বৈঠক, পুজোর আগেই নতুন বাস নামানোর উদ্যোগ
শিলিগুড়ি: পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে শিলিগুড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য পরিবহন দপ্তর।
শুক্রবার দাগাপুরের শ্রমিক ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং ও রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আরটিও দপ্তরের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী জানান, ই-রিকশা ও টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বড় রাস্তায় কোনওভাবেই টোটো চলাচল করতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
একইসঙ্গে নথিবিহীন ও পুরনো সরকারের আমলে অনুমোদন ছাড়াই চলা বিভিন্ন টোটোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি তিনি জানান পুজোর পরে প্রধান রাস্তাতে কোনভাবে টোটো চলাচল করতে দেওয়া হবে না।
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রতিটি বিধানসভায় নতুন করে ১০০টি অটো ও ম্যাজিক গাড়ির অনুমতি দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এর মাধ্যমে বৈধভাবে যাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত হয়ে যুবক-যুবতীরা জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী।
আরটিও দপ্তরের কাজকর্ম আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দপ্তরের নিজস্ব অফিস পরিকাঠামো ও অচল কম্পিউটারগুলিকে সচল করে পরিষেবা আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী।
পাশাপাশি বৈধ ডিলার যাতে আরটিও অফিসে না গিয়ে অনলাইনের মাধ্যমে কাগজপত্র জমা ও নম্বর পাওয়ার ব্যবস্থাও চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিনের বৈঠকে উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থার পাশাপাশি নতুন বাস পরিষেবা নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী জানান, পুজোর আগেই রাজ্যের রাস্তায় নতুন বাস নামানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে ইলেকট্রিক ও সিএনজি চালিত বাসও থাকবে। ১০০টি বাস কেনা হলে তার মধ্যে অন্তত ৩০টি বাস উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়াও জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে আরও প্রায় ১,৫০০টি নতুন বাস আসার কথা রয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী।
যাত্রী পরিবহন ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর করতে বিকল্প ও বিভিন্ন রুটে বাস চালানোর পরিকল্পনাও পরিবহন দপ্তরের রয়েছে বলে জানান তিনি।
বৈঠক শেষে মন্ত্রী ফুলবাড়ি সীমান্তের উদ্দেশে রওনা দেন।















































