গোয়ালপোখর: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য-র জনসভাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখরে।
অভিযোগ, তার হেলিকপ্টার নামার সময় তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর, এমনকি উড়ে যেতে দেখা গেছে টিনের চালও।
মঙ্গলবার দুপুরে গোয়ালপোখর বিধানসভার সাহাপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস-এর সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়।
সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড।
স্থানীয়দের দাবি, হেলিকপ্টার নামার সময় তার প্রবল বাতাসে আশপাশের কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায় ও ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
তাদের অভিযোগ, জনসভার কারণে তাদের বাড়িঘরের ক্ষতি হয়েছে ও তার দায় নিতে হবে আয়োজকদেরই।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে।
অন্যদিকে, বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।















































