শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বুধবার জঙ্গিদের গুলিতে আহত হলেন এক পুলিশকর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব পালনরত একটি পুলিশ দলের উপর আচমকাই অতর্কিত গুলি চালায় সশস্ত্র জঙ্গিরা।
হামলায় এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পরই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে।
গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পুলিশ দলকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।















































