মুর্শিদাবাদ: গত ১৭ জুলাই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে গেটম্যানের চরম দায়িত্বজ্ঞানহীনতার জেরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।
একটি স্কুল পুলকার ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
এই ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়।
এছাড়া একাধিক আহত বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান ও শোকসন্তপ্ত পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।
এরপর তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন ও প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এই সফরে মুখ্যমন্ত্রী নিহত ও আহতদের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকারের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে স্থানীয়দের একাংশের মত।















































