কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার দাবি তুললেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল।
স্পিকারের মাধ্যমে তিনি রাজ্য সরকারের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কানাইয়ালাল আগরওয়াল বলেন, বর্তমানে ইসলামপুর একটি পুলিশ জেলা হিসেবে স্বীকৃত।
এর আগে স্বাস্থ্য বাজেটের আলোচনায় তিনি ইসলামপুরকে পৃথক স্বাস্থ্য জেলা করার দাবিও জানিয়েছিলেন।
এবার প্রশাসনিক সুবিধা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।
বিধায়ক আরও বলেন, একসময় ইসলামপুর বিহারের অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তীকালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী অঞ্চল হিসেবে এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়।
সেই সময় থেকেই ইসলামপুরকে পৃথক জেলা করার দাবি বিভিন্ন মহলে উঠে আসছে।
তিনি দাবি করেন, ইসলামপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হলে প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে সহ এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।















































