সল্টলেক: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তৈরি হতে চলা বাড়ির মালিকানা মহিলাদের নামে করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন করে ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। এই বাড়িগুলির ক্ষেত্রে পরিবারের মহিলাদের নামে চুক্তি ও মালিকানার নথি করার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক মহিলাদেরই করা হবে।
এদিনের অনুষ্ঠান থেকেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়।
যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
একই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহিলাদের আর্থিক সুরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে অন্নপূর্ণা ভাণ্ডারের ভূমিকার কথাও তুলে ধরা হয়।
শুভেন্দু অধিকারী জানান, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে।
পাশাপাশি বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি সহায়তার কথাও তুলে ধরেন তিনি।
তবে সরকারের লক্ষ্য শুধুমাত্র ভাতা প্রদান নয়, মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলা বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন প্রত্যেক কন্যা, বালিকা ও বোনকে রক্ষা করার শপথ নিয়ে সরকার এগিয়ে চলবে বলেও বার্তা দেন তিনি।















































