আমবাড়ি: এলাকার আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে ও যেকোনও অপরাধমূলক ঘটনার দ্রুত তদন্ত নিশ্চিত করতে আমবাড়ি-ফালাকাটা এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানোর আহ্বান জানালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানা।
শনিবার থানার ওসি সুদীপ দত্ত নিজে এলাকায় ঘুরে বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চুরি, ছিনতাই, দুষ্কৃতী হামলা কিংবা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজের মাধ্যমে খুব দ্রুত ঘটনার তদন্ত শুরু করা সম্ভব হয়।
ফলে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনাও অনেক সহজ হয়ে যায়।
এদিন ওসি সুদীপ দত্ত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, নিজেদের ব্যবসা ও সম্পত্তির নিরাপত্তার পাশাপাশি এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও সিসিটিভি ক্যামেরা অত্যন্ত কার্যকর।
কার্যত, প্রতিটি দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ক্যামেরা লাগানো থাকলে কোনও অপরাধমূলক ঘটনা ঘটলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে পারবে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরাও।
তাঁদের বক্তব্য, সিসিটিভি ক্যামেরা থাকলে শুধু অপরাধ দমনই নয়, দোকানের নিরাপত্তাও অনেকাংশে বাড়বে।
পাশাপাশি ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ তৈরি হবে।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।















































