কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৮ নম্বর ভেসেল ঘাট সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে দুই যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য।
জানা যায়, প্রবল স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নৌকা অপর একটি যাত্রীবাহী নৌকায় ধাক্কা মারলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যান অর্ধশতাধিক যাত্রী।
স্থানীয় সূত্রের খবর, ৮ নম্বর ভেসেল ঘাট থেকে নিয়মিত যাত্রীবাহী নৌকা চলাচল করে।
অভিযোগ, প্রবল স্রোতের কারণে একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া অন্য একটি নৌকায় সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের জেরে কয়েকজন যাত্রী নৌকার ভেতরেই পড়ে যান।
তবে কেউ নদীতে পড়ে যাননি বা কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে নৌকার মাঝি ও কর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পরে যাত্রীদের আশ্বস্ত করে নৌকাটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা তদন্তের তথ্য প্রকাশ করা হয়নি।















































