শিলিগুড়ি: বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
আগামীকাল শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে।
তার আগে রবিবার গোটা এলাকা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি সুবীর দত্ত, এসিপি রবিন থাপা, শিলিগুড়ি থানার আইসি-সহ একাধিক পুলিশ আধিকারিক।
সম্ভাব্য উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল ও ভিআইপি মুভমেন্টের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের আগে ফ্লাইওভারে ট্রাফিক পুলিশের ট্রায়াল রান ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি বা যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়েও বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে।
মহাত্মা গান্ধী চক থেকে বর্ধমান রোড পর্যন্ত নির্মিত এই ফ্লাইওভার চালু হলে শহরের অন্যতম ব্যস্ত এই করিডরে যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই প্রকল্পের উদ্বোধন ঘিরে শিলিগুড়িবাসীর মধ্যেও উৎসাহ তুঙ্গে। এখন নজর সোমবারের আনুষ্ঠানিক উদ্বোধনের দিকেই।















































