হাওড়া: পূর্ব রেলের পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হল নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম।
যাত্রী পরিষেবা আরও উন্নত করা ও ট্রেন পরিচালনার ওপর ক্রমবর্ধমান চাপ কমাতেই এই নতুন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
ইতিমধ্যেই যাত্রীদের ব্যবহারের জন্য প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হয়েছে।
প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ₹৩ কোটি।
এটি হাওড়া স্টেশনের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম, যেখানে ২৪ ও ২৬ কামরার দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন সহজেই প্রবেশ ও প্রস্থান করতে পারবে।
রেল সূত্রের খবর, নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ায় স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।
পাশাপাশি দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনা আরও সহজ হবে ও ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতেও এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রেল কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে যাত্রী ও ট্রেন চলাচলের সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।
এর ফলে যাত্রীদের যাতায়াত আরও নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।















































