কান্তোর: পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কান্তোরনাথ মন্দিরে শিবের জলাভিষেকের উদ্দেশ্যে জল সংগ্রহ করতে গিয়ে শিলাবতী নদীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
নদীর প্রবল স্রোতে তলিয়ে যান সাতজন শিবভক্ত।
স্থানীয়দের তৎপরতা ও প্রশাসনের উদ্ধার অভিযানে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জন ভক্ত নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা এলাকার সাতজন শিবভক্ত কান্তোর সংলগ্ন শিলাবতী নদী থেকে জল সংগ্রহ করে কান্তোরনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে নদীতে নামে।
বর্ষার জেরে নদীতে স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে জলের তোড়ে ভেসে যান।
ঘটনাটি দেখে নদীঘাটে উপস্থিত অন্যান্য ভক্ত ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দু’জনের কোনও সন্ধান মেলেনি।
নিখোঁজদের খোঁজে শিলাবতী নদীর বিভিন্ন অংশে ডুবুরি ও স্পিডবোট নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
উদ্ধারকাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
এই ঘটনায় কান্তোরনাথ মন্দির চত্বর ও নদীঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ দুই ভক্তের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় নদীর পাড়ে অপেক্ষা করছে।















































