ইসলামপুর: ইসলামপুরের আমবাগান কলোনি ওল্ড স্টেশন বস্তি এলাকার বাসিন্দা তথা প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা।
ঘটনার ২২ দিনের মাথায় এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ইসলামপুর শহরের আলীনগর এলাকার এক মহিলাও রয়েছেন।
পাশাপাশি দিল্লি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
তাঁকে ইসলামপুরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম খুনের ঘটনায় তদন্ত চালিয়ে একের পর এক তথ্য সংগ্রহের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
সরকারি আইনজীবী ওয়াসিম পারভেজ জানান, প্রধান শিক্ষক খুনের মামলায় ধৃত এক মহিলাকে এদিন আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের নেপথ্যে থাকা কারণ ও ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হবে।
ঘটনার ২২ দিনের মাথায় পরপর অভিযুক্ত গ্রেফতার হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেই মনে করছে পুলিশ।















































