শিলিগুড়ি: পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নাটকের মাধ্যমে বিশেষ বার্তা দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ।
রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজন করা হয় পথ নিরাপত্তা বিষয়ক এক বিশেষ সচেতনতা কর্মসূচির।
রাজ্যজুড়ে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি ট্র্যাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি চন্দন দাস, এসিপি ট্র্যাফিক ত্রিদীপ সরকার, এসিপি ট্র্যাফিক সুবীর দত্ত-সহ ট্র্যাফিক বিভাগের আধিকারিক ও ওসিরা। পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এদিন দীনবন্ধু মঞ্চে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে মোট পাঁচটি দল নাটক পরিবেশন করে। নাটকের মাধ্যমে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপদ ও ট্র্যাফিক সিগন্যাল মেনে চলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়।
নাটক শেষে সেরা তিনটি দলকে ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, পথ দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো জরুরি।
শহরের যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পাশাপাশি শহরে টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণেও একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন (ANPR) ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
তাঁর দাবি, কোনও অপরাধে গাড়ি ব্যবহার করা হলে এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত গাড়ির নম্বর শনাক্ত করে প্রশাসনের কাছে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর ফলে শহরে অপরাধ নিয়ন্ত্রণেও সুবিধা হবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন।















































