অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে বিধায়ক দপ্তরে তথ্য জমা দেওয়ার আবেদন শঙ্কর ঘোষের!

শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও যাঁরা পাননি, তাঁদের দ্রুত তথ্য জমা দেওয়ার আবেদন জানালেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

সোমবার দুপুর দেড়টার মধ্যে হিলকার্ট রোডে অবস্থিত বিধায়ক কার্যালয়ে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

রবিবার কলকাতা যাওয়ার পথে নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভ করে এই আবেদন জানান পর্যটনমন্ত্রী।

তিনি জানান, শিলিগুড়ি শহরে ইতিমধ্যেই প্রায় ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তবে এখনও বহু মহিলা এই প্রকল্পের টাকা পাননি বলে তাঁর কাছে অভিযোগ এসেছে।

উল্লেখ্য, টাকা না পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই একাধিকবার শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন উপভোক্তাদের একাংশ।

সম্প্রতি শহরে ফিরে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের বাড়িতে গিয়ে স্টিকার সাঁটানোর কর্মসূচিতেও অংশ নেন শঙ্কর ঘোষ। সেই সময়ই বেশ কয়েকজন মহিলা তাঁর কাছে টাকা না পাওয়ার অভিযোগ জানান।

এরপরই বিষয়টি নিয়ে উদ্যোগী হন মন্ত্রী। তিনি জানান, টাকা না পাওয়া মহিলাদের নাম ও প্রয়োজনীয় তথ্য বিধায়ক কার্যালয়ে সংগ্রহ করে তা নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কাছে পাঠানো হবে।

লাইভে শঙ্কর ঘোষ বলেন, “যে বা যারাই এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা দ্রুত আমাদের কার্যালয়ে যান।

সোমবার দুপুর দেড়টার মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করার পাশাপাশি সমস্ত তথ্য জমা দিন। আমি সেই তথ্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কাছে জমা করে দেব।”

পাশাপাশি তিনি উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কোনও প্রশাসনিক বা প্রক্রিয়াগত সমস্যার কারণে কারও টাকা আসতে দেরি হয়ে থাকতে পারে। তথ্য জমা দেওয়ার পর বিষয়টি তিনি নিজে দেখবেন বলেও আশ্বাস দেন।

অন্যদিকে, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁদের বাড়িতে ওয়ার্ডের কর্মীরা স্টিকার সাঁটাতে গেলে সহযোগিতা করার আবেদনও জানান পর্যটনমন্ত্রী। টাকা এখনও না আসায় কেউ যেন মন খারাপ না করেন, সেই আবেদন জানিয়ে শঙ্কর ঘোষের আশ্বাস দেরি হলেও যোগ্য সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here