শিলিগুড়ি: ফরাক্কায় রেললাইন বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বাস পরিষেবা বাড়ানোর উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)।
প্রতিদিন কলকাতার উদ্দেশ্যে NBSTC-এর ৬টি বাস চলাচল করত। রেল পরিষেবা ব্যাহত হওয়ার পর যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আরও ৭টি বাস কলকাতার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অতিরিক্ত বাসগুলি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনালে আসেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তাঁরা জানান, যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৩৫ থেকে ৪০টি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে সেই বাসগুলি পরিষেবায় নামানো হবে।
রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গের যাত্রীদের কলকাতার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সরকারি বাস পরিষেবাই গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে।















































