ছিনতাইয়ের তদন্তে সাফল্য, দুই যুবক গ্রেফতার; উদ্ধার আইফোন ও গলানো সোনা!

শিলিগুড়ি: ভোরবেলায় টোটোয় যাতায়াতকারী যাত্রীদের লক্ষ্য করে একাধিক ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।

ধৃতদের নাম রাজা দাস (২১) ও আবজিৎ যাদব (২৪)। দু’জনেই পাতি কলোনির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি হিলকার্ট রোড-সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় টোটোয় থাকা যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের একাধিক অভিযোগ সামনে আসে।

অভিযোগ, এনজেপি থেকে জংশনের দিকে টোটোয় যাত্রা করছিলেন এক দম্পতি।

ভোরের দিকে সেবক মোড়ের কাছে তাঁদের টোটোর পাশে স্কুটি নিয়ে আসে দুই যুবক।

এরপর মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা।

ব্যাগের মধ্যে একটি আইফোন, দু’টি সোনার আংটি সহ গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল বলে জানা গিয়েছে।

এছাড়াও ৪, ৯ ও ২৬ তারিখে হিলকার্ট রোডে টোটো থেকে ছিনতাইয়ের অভিযোগের তদন্তেও ধৃতদের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে দাবি।

তদন্তের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর দু’জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয়।

আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

জিজ্ঞাসাবাদের পর রাজা দাসের বাড়িতে অভিযান চালিয়ে একটি আইফোন সহ সোনার গয়না গলিয়ে তৈরি করা সোনা উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গোলানো সোনা ছিনতাই হওয়া সোনার আংটির সঙ্গে সম্পর্কিত।

পাঁচ দিনের পুলিশি রিমান্ড শেষ হওয়ার পর বৃহস্পতিবার ধৃত দু’জনকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে।

ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার সঙ্গেও তাঁদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here