খড়গপুর: খড়গপুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে নতুন গুদাম চালু করল নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা টাটা হিটাচি কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি প্রাইভেট লিমিটেড।
নতুন এই গুদামের মাধ্যমে সংস্থার সাপ্লাই চেন ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে স্পেয়ার পার্টস ও সার্ভিস সাপোর্ট দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সোমবার খড়গপুরে নতুন গুদামটির উদ্বোধন করেন টাটা হিটাচির ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেয়ার পার্টস ও সার্ভিস বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ অফিসার হিরোশি হোসোকাওয়া- সহ সংস্থার শীর্ষ আধিকারিক ও কর্মীরা।
আধুনিক পরিকাঠামো-সমৃদ্ধ এই গুদামে গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস ও বিভিন্ন কম্পোনেন্ট সংরক্ষণ এবং দ্রুত সরবরাহের ব্যবস্থা থাকবে। এর ফলে ইনভেন্টরি ব্যবস্থাপনা আরও সংগঠিত হওয়ার পাশাপাশি সাপ্লাই চেনের দক্ষতাও বাড়বে।
সংস্থার দাবি, এর মাধ্যমে নির্মাণযন্ত্রের ডাউনটাইম কমিয়ে গ্রাহকদের মেশিনের আপটাইম ও উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করা সম্ভব হবে।
অনুষ্ঠানে হিরোশি হোসোকাওয়া জানান, একটি মেশিন বিক্রির পরেও তার সম্পূর্ণ জীবনচক্রে গ্রাহকদের পরিষেবা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত পার্টস সরবরাহ ও কার্যকর সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে নতুন গুদামটি টাটা হিটাচির আফটার-মার্কেট পরিষেবাকে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি।
টাটা হিটাচির ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সিং বলেন, গ্রাহকের সঙ্গে সংস্থার সম্পর্ক শুধুমাত্র মেশিন বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক সময়ে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস ও সার্ভিস সাপোর্ট পৌঁছে দেওয়াও সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
খড়গপুরের নতুন গুদাম সেই পরিষেবা আরও দ্রুত, দক্ষ ও নির্ভরযোগ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান তিনি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ফ্যাসিলিটির মাধ্যমে সারা দেশে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল সাপ্লাই চেন তৈরি করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি গ্রাহক পরিষেবা উন্নত করার পাশাপাশি ব্যবসার ধারাবাহিক বৃদ্ধিতেও এই গুদাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
টাটা হিটাচি টাটা মোটরস ও হিটাচি কনস্ট্রাকশন মেশিনারির যৌথ উদ্যোগ।
খড়গপুর ও ধারওয়াড়ে সংস্থার উৎপাদন কেন্দ্র রয়েছে।
দেশে ২৭৫টিরও বেশি কাস্টমার-ফেসিং টাচপয়েন্টের মাধ্যমে পরিষেবা প্রদান করে সংস্থা। মিনি এক্সকাভেটর, কনস্ট্রাকশন এক্সকাভেটর, মাইনিং এক্সকাভেটর, ব্যাকহো লোডার, হুইল লোডার ও ডাম্প ট্রাক-সহ বিভিন্ন ধরনের নির্মাণ সরঞ্জাম তৈরি করে টাটা হিটাচি।















































