হাওড়া: অবশেষে খোঁজ মিলল হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেনের।
শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে তাঁকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দময়ন্তীর পরিবারের সদস্যরা।
বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, “মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুব ভালো লাগছে।”
তিনি প্রাথমিকভাবে অনুমান করছেন, পড়াশোনা ও শ্যুটিং অনুশীলনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে দময়ন্তী মানসিক চাপে পড়েছিল।
বিশেষ করে পড়াশোনা নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল বলেও তিনি জানান।
দময়ন্তী বাড়ি ছেড়ে যাওয়ার পর তিনি শ্রীরামপুরে কোথায় ছিলেন ও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পড়াশোনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরেই দময়ন্তী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে।
তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনানুগ প্রক্রিয়া মেনে শনিবারই দময়ন্তীকে হাওড়া আদালতে পেশ করা হবে।















































