শিলিগুড়ি: গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালেই প্রাণ গেল ফুলবাড়ীর এক তরতাজা যুবকের। মৃতের নাম দীপু রায়। বয়স আনুমানিক ৪০ বছর।
তাঁর বাড়ি ফুলবাড়ির আমাই দিঘী এলাকায়। দীপুর মৃত্যুতে পরিবার-সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাস্টমস দফতরের এক আধিকারিককে নিজের বাইকে করে শিলিগুড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন দীপু।
সেখান থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে তিনবাত্তি এলাকায় কোনও একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দীপুকে উদ্ধার করে কাছের একটি নার্সিংহোমে ভর্তি করে।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।
কিন্তু তার আগেই মৃত্যু হয় দীপুর। আচমকা তরতাজা এক যুবককে হারিয়ে কার্যত শোকে পাথর হয়ে পড়েছে পরিবার।
বিবাহিত দীপুর স্ত্রী ও সন্তান রয়েছে। স্বামী ও বাবাকে হারিয়ে তাঁরা দিশেহারা।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটির সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।















































